২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৬ ফিলিস্তিনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬, ০৩:০৯ পিএম
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৬ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে বেসামরিক মানুষের পাশাপাশি ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

বৃহস্পতিবার ভোরে দেইর আল-বালাহ শহরের পশ্চিমে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার। এতে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা সেখান থেকে পুড়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত ব্যক্তিদের আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছিলেন উদ্ধারকর্মীরা। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় আশপাশের বাড়ি ও সড়কের পাশে তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ।

গাজা সিটির শাতি শরণার্থীশিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দারাজ এলাকায় আরেক হামলায় প্রাণ গেছে আরও তিনজনের। এ ছাড়া আত-তাওয়াম ও জাবালিয়ায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।


খান ইউনিসে পুলিশ সদস্যসহ ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দুই কমান্ডার নাঈম আবু নাহল ও মোহাম্মদ আবু আল-ওউফ নিহত হয়েছেন। ইসরায়েল গাজায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়টি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ৭৪ হাজার ৭১০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ১৩১ জন আহত হয়েছেন। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) ১৮ নভেম্বর প্রকাশিত হিসাবে এ তথ্য জানিয়েছে। নিহত ও আহতের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবের ভিত্তিতে তৈরি।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার হিসাবে, যুদ্ধের কারণে গাজায় প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অনেককে একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে। ১৬ নভেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, এখনো ১৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

২০২৫ সালের ১০ অক্টোবর হামাস ও ইসরায়েলের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও ইসরায়েলি হামলা বন্ধ হয়নি। ওসিএইচএর ১৮ নভেম্বরের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ১ হাজার ৬৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৭৫ জন আহত হয়েছেন।

সূত্র - আলজাজিরা
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!