ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ১০:৪২ এএম
ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানিয়েছে, অন্তত ২৫০ আরোহী নিয়ে পূর্ব জাভার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে যাচ্ছিল ফেরিটি। পথে মাদুরা দ্বীপের কাছে জাহাজটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠান ফেরিটির ক্যাপ্টেন।

স্থানীয় সংবাদমাধ্যম ‘আইনিউজ’-এ প্রচারিত ভিডিওতে একটি লাইফবোটে লাইফ জ্যাকেট পরা বহু মানুষকে দেখা যায়।

অন্য কয়েকটি ভিডিওতে দেখা যায়, ফেরিটির ওপরের অংশ থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। এ সময় যাত্রীরা জাহাজ থেকে নিচে নেমে আসার চেষ্টা করছেন।

বাসারনাস তাদের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওর সঙ্গে দেওয়া বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে (গ্রিনিচ সময় ২টা ২৪ মিনিট) সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় খবর পায় যে যাত্রীবাহী জাহাজ কেএমপি মুতিয়ারা সেন্টোসা ২-এ আগুন লেগেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘শিপিং কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে (গ্রিনিচ সময় রাত ১২টা থেকে ১টার মধ্যে) আগুনের সূত্রপাত হয়।’

পরে বাসারনাস জানায়, ফেরিটির প্রায় পুরোটাই আগুনে পুড়ে গেছে। উদ্ধারকর্মীদের আসার আগে যাত্রীরা জাহাজের ব্রিজ ও সামনের অংশে (বাউ) অবস্থান নিয়েছিলেন।

তবে কীভাবে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

প্রকাশিত কয়েকটি ভিডিওতে আরও দেখা যায়, কিছু যাত্রী সাগরে ঝাঁপ দিচ্ছেন। লাইফ জ্যাকেট পরা বহু মানুষকে পানিতে ভাসতে দেখা যায়। তাঁদের দিকে লাইফবয়া ছুড়ে দেওয়া হচ্ছে এবং পরে উদ্ধারকারী জাহাজে তুলে নেওয়া হচ্ছে।

Link copied!