ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী মাকে শাসন করলেন শিশুকন্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৯:৫৯ পিএম
ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী মাকে শাসন করলেন শিশুকন্যা

অকল্যান্ডের করোনাকালীন বিধিনিষেধ শিথিলের ব্যাপারে ফেসবুক লাইভে আলোচনা করছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তবে ঘরে বসে মায়ের অফিসের কাজ করা মোটেই পছন্দ করেননি তিন বছর বয়সী কন্যা লিভ তে আরোহা আরডার্ন।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত ভিডিওতে আরডার্নের লাইভ চলাকালীন হুট করেই পাশ থেকে ছোট্ট শিশুর কণ্ঠে ‘মমি’ ডাক শোনা যায়। এরপর লিভকে বিছানায় ফিরে যেতে অনুরোধ করেন জেসিন্ডা।

প্রধানমন্ত্রী মেয়েকে বলেন, “আপনার তো বিছানায় থাকার কথা। এখন ঘুমানোর সময় মা। বিছানায় যাও। আমি এক্ষুনি আসছি।”

এরপর ক্যামেরার দিকে ফিরে এই অঘটনের জন্য দুঃখ প্রকাশ করেন জেসিন্ডা। বলেন, মেয়েকে ঘুম পাড়িয়ে লাইভে এসেছিলেন। কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ভেবেছিলাম মেয়ে ঘুমিয়েছে আর এটাই ফেসবুক লাইভ করার সুযোগ। আর কেউ কি আছেন যাদের বাচ্চা ঘুমাতে গিয়ে বারবার উঠে যায়? ভাগ্যিস আমার মা ওকে সামলাতে সাহায্য করছেন।”

এরপর আগের আলোচনায় ফিরে যান জেসিন্ডা। তবে ‘কী নিয়ে যেন কথা বলছিলাম’ এই কথা শেষ করতেই আবারও শোনা যায় মেয়ের কণ্ঠ।

মাকে বিছানায় না পেয়ে এবার কড়া করে বকে দেন লিভ। বলেন, “এত দেরি হচ্ছে কেন?”

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি খুবই দুঃখিত, মা। একটু দেরি হচ্ছে।”

এরপর মেয়েকে ঘুম পাড়ানোর জন্য আবারও দেশবাসীর কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নেন জেসিন্ডা আরডার্ন। বলেন, “আমি শুধু লিভকে ঘুম পাড়াব আর আসব। এটাই ওর ঘুমানোর ভালো সময়। সবাইকে যুক্ত হওয়ায় জন্য ধন্যবাদ।”

২০১৭ সালে নিউজিল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেনে জেসিন্ডা। ২০১৮ সালের ২১ জুনে কন্যাসন্তানের মা হন তিনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!