মালালার স্বামী আসির মালিকের পরিচয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৬:৫৭ পিএম
মালালার স্বামী আসির মালিকের পরিচয়

কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে নোবেলজয়ী মালালা ইউসুফজাই বলেছিলেন, মানুষের জীবনে বিয়ের কি প্রয়োজন তাই বুঝতে পারছেন না তিনি। এরপর মঙ্গলবার হুট করেই নিজের বিয়ের খবর দিলেন মালালা।

যুক্তরাজ্যের বার্মিংহামে একটি ছোট অনুষ্ঠানে বিয়ে করেছেন ২৪ বছর বয়সী পাকিস্তানি নারী শিক্ষা অধিকারকর্মী। এক টুইটে ‘জীবনসঙ্গী’ আসির মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার ঘোষণা দেন তিনি।

কে এই আসির মালিক, কি তার পরিচয় তাই জানতে অনেকেই খোঁজ করছেন ইন্টারনেটে। হলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সাল থেকেই একে অপরকে চেনেন এই জুটি।

২০১৯ সালের ২৩ জুন ইনস্টাগ্রামে যুক্তরাজ্যের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মালালা, সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনুস ও অন্যান্যদের সাঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন আসির মালিক। যদিও মালালা ও আসির দুজনই সামাজিক মাধ্যমে তাদের সম্পর্কের কথা গোপন রেখেছিলেন।

পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করেছেন মালিক। লিঙ্কডইন প্রোফাইলের তথ্য বলছে, তিনি কোকাকোলা ও ফ্রিজল্যান্ড ক্যাম্পিনার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন।

বর্তমানে পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নে কাজ করছেন আসির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স টিমের জেনারেল ম্যানেজারের দায়িত্বে আছেন তিনি।

২০২০ সালের মে মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যোগ দেন আসির। এর আগে পাকিস্তান সুপার লিগের (পিসিএল) দল মুলতান সুলতানসের অপারেশনাল ম্যানেজারে দায়িত্ব পালন করেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!