হাসপাতালের শিশু বিভাগে আগুন, চার নবজাতকের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৪:২৪ পিএম
হাসপাতালের শিশু বিভাগে আগুন, চার নবজাতকের মৃত্যু

ভারতের মধ্য প্রদেশের একটি হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে অন্তত চার নবজাতকের মৃত্যু হয়েছে। বিবিসি জানায়, সোমবার ভোপালের কমলা নেহরু চিলড্রেন হাসপাতালে এই অগ্নিকাণ্ড হয়। 

ভারতীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায়, অগ্নিকাণ্ডের পর আতঙ্কিত হয়ে আছেন শিশুদের স্বজনরা। আগুনের ধোঁয়ায় মধ্যেই হাসপাতালে ছুটে যাওয়ার চেষ্টা করছেন বাবা-মায়েরা। ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা ৩৬টি শিশুকে বাঁচাতে সক্ষম হয়।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এছাড়াও মারা যাওয়া তিন ‘গুরুতর অসুস্থ’ ছিল বলে নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অগ্নিকাণ্ডে শোকপ্রকাশের পাশাপাশি তদন্তের নির্দেশ দেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানায়, সোমবার সন্ধ্যার দিকে ভোপালের হাসপাতালটির তৃতীয় তলার শিশু বিভাগে আগুন লাগে। খবর পেয়ে 
ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

হাসপাতালের এক চিকিৎসক জানান, সেসময় শিশু বিভাগে অন্তত ১৫০ জন শিশু ভর্তি ছিল। পরে তাদের দ্রুত অন্যান্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়।

শিশু বিভাগ থেকে স্থানান্তর করার ফলে কয়েকটি শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এছাড়াও অগ্নিকাণ্ডে হাসপাতালের কয়েকজন কর্মীও আহত হন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!