সারাদেশে হাম-রুবেলার টিকাদান শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৩:৫৭ পিএম
সারাদেশে হাম-রুবেলার টিকাদান শুরু

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।
সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের 'লিটল অ্যাঞ্জেল সেমিনারি'তে এ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
পরে তিনি ঢাকার শাহজাদপুরের একটি অস্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, ১৮ জেলার ৩০ উপজেলা ও ৪টি সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখের বেশি শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিনে দেশের ১১ লাখের বেশি শিশু টিকা পাবে।
গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি চলবে ১২ মে পর্যন্ত। আর সোমবার শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।
এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা টিকা পাচ্ছে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গেল ১৫ মার্চ থেকে হাম ও হামের লক্ষণ নিয়ে দেশে দুই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ২২ হাজার শিশু।

 

Link copied!