• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

আলিয়ার সমালোচনায় কঙ্গনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০১:১৬ পিএম
আলিয়ার সমালোচনায় কঙ্গনা

বিতর্কের আরেক নাম কঙ্গনা রাণৌত। তিনি মুখ খুললেই জন্ম নেয় বিতর্ক। কারও মতের সঙ্গে না মিললেই আক্রমণ করে বসেন তিনি। এবার তার আক্রমণের শিকার হলেন আলিয়া ভাট।

সম্প্রতি এক নামী পোশাকের ব্র্যান্ডের বিজ্ঞাপনে ‘কন্যাদান নয়, কন্যামান বলতে শিখুন’—এমন এক বার্তা শোনা যায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুখে। বিজ্ঞাপনির বার্তা সহজভাবে নেয়নি ভারতীয় হিন্দুরা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনেছেন তারা।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, আসলে এই বিজ্ঞাপনের মাধ্যমে পুরুষতান্ত্রিক সমাজের কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। আর সেই পরিপ্রেক্ষিতেই বেশির ভাগ নেটিজেনদের রোষের মুখে পড়েছেন অভিনেত্রী।

এবার সেই বিজ্ঞাপনকে কটাক্ষ করে ইনস্টাগ্রামে পোস্ট করেন কঙ্গনা। ট্যাগ করেছেন আলিয়া এবং সেই বস্ত্র-বিপণী সংস্থাকে। বলি কুইনের মন্তব্যে উঠে এসেছে, বিজ্ঞাপনটি নাকি ক্রেতাদের ওপর বেশি করে প্রভাব ফেলার চেষ্টা করছে। অভিনেত্রীর দাবি, সেই সংস্থা ধর্ম ও সংখ্যালঘু রাজনীতিকে তাদের সুবিধার জন্য ব্যবহার করছে।

ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “সব ব্র্যান্ডের কাছে বিনীত অনুরোধ, পণ্য বিক্রি করতে ধর্ম, সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ রাজনীতির ব্যবহার করবেন না। চালাকি করে বিভাজনমূলক ধারণা এবং বিজ্ঞাপন দিয়ে নিরীহ ভোক্তাদের সঙ্গে কারচুপি করা বন্ধ করুন।”

কঙ্গনা আরও বলেন “হিন্দুত্ব ভীষণ স্পর্শকাতর এবং বৈজ্ঞানিক। আমাদের বৈবাহিক রীতিতে একজন নারী তার নিজের রক্তের সম্পর্ক, গোত্র ছেড়ে অন্য পরিবারে প্রবেশ করে। যার জন্য শুধু পিতা না, পূর্বপুরুষদের কাছ থেকেও অনুমতি নিতে হয় তাকে। যাদের রক্ত সেই নারীর শরীরে বইছে। আর মেয়ের নতুন জীবনের যাত্রার জন্য পিতাও তাকে অনুমতি দেন।”

এ ধরনের বিজ্ঞাপনকে বয়কট করে তাদের চুপ করিয়ে দেয়ার বার্তাও দিয়েছেন কঙ্গনা। তবে ওই পোশাক কোম্পানি বিষয়টি এখনো মুখ খোলেনি।

Link copied!