ক্রমেই নতুন মাধ্যমের দিকে ঝুঁকছে মানুষ। টেলিভিশন বা সিনেমা হলের চেয়ে মানুষের আগ্রহ বেশি ওটিটি প্লাটফর্মে। অনেকের মতে, সিনেমার আগামী দিনের গন্তব্য হচ্ছে ওটিটি।
এ বাস্তবতায় দেশে যাত্রা শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম ‘অ্যামাজন প্রাইম’। গণমাধ্যম থেকে জানা গেছে, ‘অ্যামাজন প্রাইম ভিডিও বাংলাদেশ’ নামে তারা কাজ শুরু করবে। এ দেশের দর্শকের জন্য প্ল্যাটফর্মটি এরই মধ্যে বেশকিছু ওয়েব ফিল্ম ও সিরিজ নির্মাণ করেছে। এর শুরুটা হবে ৫টি সিনেমা দিয়ে।
‘অ্যামাজন প্রাইম ভিডিও বাংলাদেশ’র হেড অব কনটেন্ট অ্যান্ড করপোরেট বিজনেস সোনিয়া হুরিয়া গুপ্তা বুধবার (৮ মার্চ) এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, “অবশেষে বাংলাদেশে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে। এ যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত।”
এ সংবাদে দেশি কনটেন্ট নির্মাতাদের খুশী হওয়ার কথা। কারণ বিশ্বজুড়ে বাংলা ভাষার মানসম্পন্ন কনটেন্ট এখনও খুব বেশি নেই। আবার নতুন তাক লাগানো কনটেন্ট নিয়ে এগিয়ে আসছেন অনেকে। সব মিলিয়ে প্রতিযোগিতা আগের চেয়ে বেশি। তবে এটি সবাই মানবেন যে, ভালো কনটেন্ট এর সম্ভাবনা অসীম।






























