কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত ও সংগীতশিল্পী তাহসান খান।
এ সময় তিনি রোহিঙ্গা তরুণ-তরুণীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার সকালে তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট ঘুরে দেখেন। সেখানে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনায় অংশ নেন এবং রোহিঙ্গা তরুণ-তরুণীদের কথা শোনেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তাহসানের ক্যাম্প পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বিকেলে তাহসান খান কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে রোহিঙ্গা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন।
রোহিঙ্গা স্বেচ্ছাসেবক মনজুর আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান খানের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে জানান, ক্যাম্প-১ ইস্টে ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূতকে স্বাগত জানানোর সুযোগ হয়েছে।
আলোচনায় অংশগ্রহণকারীরা রোহিঙ্গা সম্প্রদায়ের কল্যাণ, শিক্ষা, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নিজেদের অভিজ্ঞতা, মতামত এবং বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
তার ভাষ্য, তাহসানের এই সফর রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার বার্তা আরও জোরালো করবে। পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী তাহসান খান রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করছেন।






































