আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০২:৪০ পিএম
আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী হিসেবে পরিচিত মুস্তাফা মনোয়ার। তিনি গত চারদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার। 
মেরী জানান, রবিবার শিল্পীকে ভর্তি করানো হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন মুস্তাফা। 
তিনি আরও বলেন, ‘১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে তিনি আইসিইউতে রয়েছেন।’
জানা যায়, বছর দুয়েক ধরেই নানা অসুস্থতার সঙ্গে লড়ছেন নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। কয়েকবার হাসপাতালেও যেতে হয়েছে। ২০২৪-এর সেপ্টেম্বরে একবার তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। পরে সেসব সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে। এখন নিউমোনিয়ার ব্যাকটেরিয়া তাকে বেশি ভোগাচ্ছে। 
উল্লেখ্য, মুস্তাফা মনোয়ার দেশের সংস্কৃতি অঙ্গনে এক অনন্য নাম। তার কর্মজীবন শুরু হয়েছিল আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে। পরে তিনি পাপেট শোয়ের পথিকৃৎ হিসেবে পরিচিতি পান। টেলিভিশনে শিশুদের জন্য তার তৈরি বিভিন্ন অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে।
সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ‘সুলতান স্বর্ণপদক’ লাভ করেন।

Link copied!