আনন্দ কারাজে গোলাপি আনারকলিতে স্বপ্নময় কনে মেহরিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১১:০২ এএম
আনন্দ কারাজে গোলাপি আনারকলিতে স্বপ্নময় কনে মেহরিন

অভিনেত্রী মেহরিন পিরজাদা এখন আনুষ্ঠানিকভাবে বিবাহিত। তার বিয়ের লুক যেন নিঃশব্দে মন কেড়ে নেওয়ার মতো—একবার দেখলে সহজে ভোলা যায় না। গত ২৬ এপ্রিল হিমাচল প্রদেশের চৈলে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সঙ্গী অর্শ আউলাখের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। পরে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “26.04.26 #ArshDiMehr”। সরল, আবেগময় আর বাস্তব মুহূর্তে ভরা ছিল সেই আয়োজন।

বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই অন্তরঙ্গ। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আয়োজিত আনন্দ কারাজ ছিল ঐতিহ্যে মোড়া শান্ত-স্নিগ্ধ উদযাপন। কোনও জাঁকজমক নয়, বরং ব্যক্তিগত ও হৃদয়ছোঁয়া আয়োজনেই ধরা দেয় তাদের ভালোবাসা।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে মেহরিনের ব্রাইডাল লুক। ফ্যাশনপ্রেমীদের অনুপ্রেরণা হয়ে থাকার মতো এক অনন্য সাজে ধরা দিয়েছেন তিনি।

ডিজাইনার সাওয়ান গান্ধীর ডিজাইন করা স্বপ্নিল গোলাপি আনারকলি বেছে নিয়েছিলেন মেহরিন। গোলাপি-সাদা থিমে সাজানো সেই পোশাকে ছিল সূক্ষ্ম এমব্রয়ডারি, মিরর ওয়ার্ক, সিকুইন, থ্রেড ডিটেইলিং, বর্ডারে ট্যাসেল এবং রুপালি গোটার কাজ। গভীর ইউ-নেকলাইন, স্বচ্ছ হাতা, ফিটেড কোমর আর লেয়ার্ড ফ্লোই স্কার্ট—সব মিলিয়ে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। পেছনের ডোরি টাই ও লো-কাট ডিজাইন যোগ করেছে সমকালীন স্পর্শ।

লুকটির বিশেষ আকর্ষণ ছিল দুটি দুপাট্টার স্টাইলিং। একটি কাঁধে, অন্যটি মাথায় ওড়নার মতো ভেসে নেমেছে, যেন নরম ট্রেইন। এতে পুরো সাজে এসেছে রাজকীয় অথচ কোমল ব্রাইডাল আবহ।

গয়নাতেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। স্তরযুক্ত পোলকি নেকলেস, চোকার, লম্বা হার, কড়া, স্টেটমেন্ট রিং, পোলকি দুল, মাঙ্গটিকা, ছোট ডায়মন্ড নোজপিন এবং পার্সোনালাইজড সিলভার কালিরা—সব মিলিয়ে নিখুঁত সমন্বয়।

মেকআপেও ছিল সফট গ্ল্যাম। খোলা চুল, উজ্জ্বল ত্বক, চোখে হালকা গোলাপি টোন, ঘন পাপড়ি, সংজ্ঞায়িত ভ্রু, গালে ব্লাশ, গ্লসি পিংক ঠোঁট আর সফট হাইলাইট—সব মিলিয়ে ছিল সতেজ, অনাড়ম্বর অথচ নিখুঁত ব্রাইডাল সৌন্দর্য।

বর অর্শ আউলাখও ছিলেন থিমের সঙ্গে মানানসই। গোলাপি শেরওয়ানি, পাগড়ি, এমব্রয়ডার্ড দুপাট্টা, পোলকি নেকলেস ও ডায়মন্ড কালাঙ্গিতে তাকে দেখিয়েছে দারুণ পরিপাটি। দু’জনের মিলিয়ে সাজ যেন আরও বাড়িয়ে দিয়েছে বিয়ের সৌন্দর্য।

তেলুগু, তামিল, হিন্দি ও পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ মেহরিন ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রেখেছেন। তাই তার এই বিয়ের ঘোষণা ভক্তদের জন্য ছিল মধুর চমক।

আর এই বিয়ের লুক যেন একটাই বার্তা দেয়—নরম, সমন্বিত আর অর্থবহ ফ্যাশনের আবেদন সবসময় আলাদা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া
অনুবাদ : অমিও

Link copied!