হলিউডের নন্দিত তারকা টম ক্রুজ আবারও ফিরছেন তার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘টপ গান ৩’-এ। আর এবার তার পারিশ্রমিক নিয়ে উঠেছে আলোচনার ঝড়। সিনেমায় অংশ নেওয়ার জন্য তিনি প্রায় ১০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় ১৩৫ মিলিয়ন ডলার) পর্যন্ত পারিশ্রমিক পেতে পারেন। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ১ হাজার ৬ শ’ ৬৫ কোটি টাকা।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, টম ক্রুজ আবারও পিট ‘ম্যাভেরিক’ মিচেল চরিত্রে ফিরছেন, যেটি তাকে বিশ্বজুড়ে সুপারস্টার স্ট্যাটাসে পৌঁছে দিয়েছিল। নতুন ছবিটি নির্মিত হচ্ছে প্যারামাউন্টের ব্যানারে, যেখানে আগের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এর পর গল্প এগিয়ে নেওয়া হবে।
এই বিশাল পারিশ্রমিকের কারণে টম ক্রুজ আবারও বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় শীর্ষে উঠে আসতে পারেন। হলিউডে তার আয় কাঠামো শুধু ফিক্সড ফি নয়, বরং ছবির লাভের একটি বড় অংশ শেয়ার করার মাধ্যমেও আসে, যার কারণে আগের ছবিগুলো থেকে তিনি শত মিলিয়ন ডলার আয় করেছিলেন।
বিশেষজ্ঞদের মতে, ‘টপ গান ৩’ শুধু একটি সিক্যুয়েল নয়, বরং আবারও প্রমাণ করছে যে বড় তারকানির্ভর সিনেমাই এখনো হলিউডের
বক্স অফিস চালিকা শক্তি। ‘টপ গান: ম্যাভেরিক’ বিশ্বব্যাপী প্রায় ১.৫ বিলিয়ন ডলার আয় করে বিশাল সাফল্য অর্জন করেছিল, যার পর এই তৃতীয় পর্ব ঘিরে প্রত্যাশা আরও বেড়ে গেছে। সব মিলিয়ে টম ক্রুজের প্রত্যাবর্তন এবং রেকর্ড পারিশ্রমিক–দুই মিলিয়ে ‘টপ গান ৩’ ইতোমধ্যেই আন্তর্জাতিক শোবিজ অঙ্গনে অন্যতম আলোচিত প্রজেক্টে পরিণত হয়েছে।


























