বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য আর্থিক ইনক্রিমেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ ঘোষণার প্রতিবাদে প্রতীকী কলম বিরতি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা।
মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি আয়োজন করে রাবি শিক্ষক সমিতি।
কর্মসূচিতে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত-ই-জাহানের সঞ্চালনায় সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, “ইনক্রিমেন্ট প্রদান শুধুমাত্র আর্থিক বিষয় নয়, এটি শিক্ষকদের মর্যাদার সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার মাধ্যমে জ্ঞান তৈরি করে মেধা বিকাশ করছেন। এ গবেষনা জাতি ও দেশ গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর পিএইচডি করার জন্য শিক্ষকদের অধিকার থেকে বঞ্চিত করে গবেষণা সম্ভব নয়। আমরা চাই ইউজিসি গবেষণার জন্য ইনক্রিমেন্ট চালু রাখুক।”
এ সময় বক্তারা বলেন,“পিএইচডি ডিগ্রি অর্জনকে জ্ঞান সৃষ্টিতে দরজাস্বরূপ বিবেচনা করা হয়। শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য ঘোষিত ইনক্রিমেন্ট প্রদান কার্যক্রম স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তা শিক্ষার মানসহ দেশের সার্বিক উন্নয়নের প্রক্রিয়াকে চরমভাবে প্রভাবিত করবে।”
বক্তারা আরও বলেন, “শিক্ষা তথা গবেষণা খাতে সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। কিন্তু এখনো তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। গবেষকদের জন্য আকাঙ্ক্ষিত প্রণোদনা এখনও আশাব্যঞ্জক নয়। এই পরিস্থিতিতে পিএইচডি পর্যায়ের গবেষণা করে ডিগ্রি অর্জনের জন্য ইনক্রিমেন্ট তথা বেতন বৃদ্ধির সুযোগটি ছিল গবেষকদের জন্য একটি বিশেষ উদ্দীপনা।”
প্রতীকী কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মাইনুল হক রানা, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শাহেদ জামান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামিম, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হাসনা হেনাসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।








































