রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৫ অক্টোবর ‘এ’ ইউনিট (মানবিক) ও ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভর্তিসংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের জন্য স্থান সংকুলান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর কমন স্পেস যেমন টিভি রুম, ওয়েটিং রুম, হল রুম, নামাজ ঘর ইত্যাদি স্থানে অবস্থানের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ক্যাম্পাস অভ্যন্তরে ছাত্রদের অবস্থানের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। যদিও এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মসজিদ, হলের মসজিদ ও বিভিন্ন ফাঁকা জায়গায় অস্থায়ী আবাসন স্থাপনের দাবি জানিয়ে আসছিল।
অন্যদিকে ২৪ সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর মেয়র এবং মেস মালিক সমিতির সভাপতি মধ্যে হোটেল ও মেসে ভর্তি-ইচ্ছুকদের অবস্থানের বিষয়ে কথা হয়েছে। ভর্তি-ইচ্ছুকরা পরীক্ষার প্রবেশপত্র ও জন্মনিবন্ধনের ফটোকপি দিয়ে বিনা মূল্যে থাকতে পারবে। কিন্তু অভিভাবকদের নির্ধারিত মূল্য পরিশোধ করে থাকতে পারবেন বলে জানিয়েছেন মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ৩ শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা; দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে। এই পরীক্ষায় সি ইউনিটে ৪৪ হাজার ১৯৪ জন, এ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ জন ও বি ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন; মোট ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তি-ইচ্ছুক অংশ নেবেন।







































