প্রাথমিকে শূন্যপদ বেড়েছে ৫ হাজার, ফল বুধবার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৮:১৯ এএম
প্রাথমিকে শূন্যপদ বেড়েছে ৫ হাজার, ফল বুধবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৫ হাজার শূন্যপদ বাড়িয়ে মোট ৭৩ হাজার শিক্ষক নেওয়া হবে। এছাড়া ফল প্রকাশ করা হবে বুধবার (১৪ ডিসেম্বর)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফরিদ আহাম্মদ জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। আগে ৩২ হাজার শিক্ষক নেওয়ার কথা থাকলেও নতুন করে আরও পাঁচ হাজারের মতো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আরও জানান, এবারই প্রথম বুয়েটের সহায়তায় উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। এছাড়া প্রতিবছর দুটি করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চিন্তা করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা যায়, মাঝে একবার সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে এ সংখ্যা কমিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। সে কারণে নিয়োগ পরীক্ষায় আবেদন করা প্রার্থীরা আন্দোলনে নামে। দফায় দফায় তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে আন্দোলন চালিয়ে যায়। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সব শূন্য পদে নিয়োগ দিতে বলা হয়। তার ভিত্তিতে মন্ত্রণালয় শিক্ষক নিয়োগের জন্য পদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফলাফল প্রকাশের সময় পিছিয়ে দেয়।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!