স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে মেডিকেলের এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয় বর্ষ ও পঞ্চম ও শেষ বর্ষে ক্লাস শুরু করার অনুমতি দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
শুক্রবার (১৩ আগস্ট) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ৫টি শর্ত মেনে ক্লাস শুরুর অনুমতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শর্তসাপেক্ষে মেডিকেলে ক্লাস শুরুর অনুমিত দেওয়া হয়েছে। শর্তগুলো হলো-
ক্লাস শুরুর আগে সব ছাত্রছাত্রীদের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে, সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে, হাসপাতালের ওয়ার্ড ক্লাসে ছাত্র ছাত্রীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি ছাত্রছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।
সবশেষে সংক্রমিত ছাত্রছাত্রীদের চিকিৎসা এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র-ছাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস নিতে কোভিড-১৯-সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে গত ২১ জুলাই চিঠি দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ইতোমধ্যে মেডিকেল ছাত্রছাত্রীদের দুই ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।








































