বরিশালে বিএনপির জনসভা শুরু, কানায় কানায় পূর্ণ মাঠ


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:২১ পিএম
বরিশালে বিএনপির জনসভা শুরু, কানায় কানায় পূর্ণ মাঠ

বিএনপির বরিশাল বিভাগীয় জনসভা বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বেলস পার্কে শুরু হয়েছে। বিভাগের ছয়টি জেলা থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সমাগমে সমাবেশ প্রাঙ্গণ ইতিমধ্যে কানায় কানায় ভর্তি হয়ে গেছে। শুরুতে স্থানীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখছেন।

দুপুর ১২টায় দলীয় চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উপস্থিত হবেন এবং নেতা-কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিতে আসছেন। তাদের চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট।

দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান বরিশালে আগমন করছেন। জনসভায় বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, “চেয়ারম্যান তারেক রহমান ১২টায় মঞ্চে আসবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। দীর্ঘ ২০ বছর পর তিনি বরিশালে আসছেন বলে স্থানীয়বাসীর অনেক চাওয়া-পাওয়া তার কাছে থাকবে, এটাই স্বাভাবিক।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত ধরেই বরিশালের উন্নয়ন হয়েছে। দলীয় নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন তারেক রহমানকে দেখার জন্য।

Link copied!