ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় বাজারে চালের দাম পাঁচ-ছয় টাকা কমেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি বাজারে খাদ্যবান্ধব কর্মসূচি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, “১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হবে। সপ্তাহে পাঁচ দিন এই কার্যক্রম চলবে।”
সাধন মজুমদার আরও বলেন, “সারা দেশে ২ হাজার ৩৭০ ডিলারের মাধ্যমে ওএমএসের চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে কৃষকেরা যেন আমন ধানের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে কাজ করা হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি।”
খাদ্যমন্ত্রী বলেন, “আগে একজন ওএমএস ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার ২ টন চাল বরাদ্দ পাচ্ছেন। ওএমএস কেন্দ্রে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সমাজে পিছিয়ে পড়া ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাবেন।”

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)













