শিশু ধর্ষণের পর হত্যা মামলায় যুবকের ফাঁসি


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৬:৪৯ পিএম
শিশু ধর্ষণের পর হত্যা মামলায় যুবকের ফাঁসি
ছবি: সংবাদ প্রকাশ

রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা ও মরদেহ মাটি চাপা দিয়ে গুমের অভিযোগে আসাসি হিরু মিয়া ওরফে খোড়া হিরুকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। 

দীর্ঘ ৯ বছর পর রোববার (৭ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক আলী আহাম্মেদের আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতের কাঠগড়ার উপস্থিত ছিলেন।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি তাইজুর রহমান লাইজু।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ এপ্রিল সকালে জেলার পীরগঞ্জ উপজেলার নন্দরামপুর ফতেপুর গ্রামের জহুরুল হকের ৬ বছরের শিশু কন্যাকে আসামি হিরু ওরফে খোড়া হিরু তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শ্বাসরোধ করে হত্যা করার পর মরদেহ তার ঘরের মেঝেতে মাটিচাপা দিয়ে রাখে। পরে নিহত শিশুর স্বজন ও এলাকাবাসি আসামি হিরুর বাড়িতে তার নিজের ঘর থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত শিশুর চাচা খলিলুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে। 

এদিকে আসামি হিরু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুল জবানবন্দি প্রদান করে শিশুটিকে হত্যা করে মরদেহ নিজের ঘরে মাটি চাপা দেবার কথা স্বীকার করে। বাদী পক্ষে আদালতে ১৯ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ আদালত আসামি হিরুকে ফাঁসির আদেশ দেন। 

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এ্যাডভোকেট তাইজুর রহমান লাইজু জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় এ রায় প্রদান করেছেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

Link copied!