ফরিদপুরে গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে পরোটা, সিঙ্গারা, সমুচাসহ ফাস্ট ফুড জাতের খাবারের মূল্য দ্বিগুণ বেড়েছে। এতে বেকায়দায় পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা।
এছাড়া যারা নিয়মিত সকাল ও রাতে হোটেল রেস্তোরাঁয় রুটি ও পরোটা খাবারের উপর নির্ভরশীল, দ্বিগুণ মূল্য বৃদ্ধিতে তাদের মাথায় হাত।
জানা গেছে, সম্প্রতি গ্যাসের মূল্য সিলিন্ডার প্রতি ৩০০-৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই অজুহাতে ফরিদপুরের বিভিন্ন হোটেলে রুটি, পরোটা, সিঙ্গারা, সমুচার মূল্য ৫ টাকা থেকে দ্বিগুণ করে ১০ টাকা করা হয়েছে।
মূল্য বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরের চতুল এলাকার বাসিন্দা টুটুল বসু জানান, “হালকা খাবার হিসেবে এলাকায় সিঙ্গারা, সমুচার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একেবারে দ্বিগুণ মূল্য বৃদ্ধি করা উচিত হয়নি। নিম্নবিত্তদের জন্য এটা নিঃসন্দেহে বোঝা।”
এ বিষয়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদ বলেন, “হঠাৎ করে এভাবে গ্যাসসহ প্রয়োজনীয় জিনিসপত্রের অসহনীয় দাম বৃদ্ধিতে ভোক্তাদের হিমশিম খেতে হচ্ছে।”
শেখ ফয়েজ আরো বলেন, “গ্যাসের দাম বৃদ্ধির কারণে তাদের বাড়তি খরচ যোগ হওয়ায় সিঙ্গারা-পরাটার দামটা কিছুটা বৃদ্ধি করা হয়েছে।”
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় বলেন, “আমাদের সঙ্গে ব্যবসায়ীদের মিটিং হওয়ার কথা রয়েছে। তখন এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”







































