টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একটি বাসা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী এবং একজন অজ্ঞাত যুবক।
শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কাশতলার খামারপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। উপজেলার দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ওই এলাকার হয়রত আলীর স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৬) এবং অজ্ঞাত যুবক (৩৫)।
চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন, হামিদপুরের খামারপাড়ায় তিন লাশ উদ্ধারের পাশাপাশি এক শিশুকে (৫) আহত অবস্থায় পাওয়া যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, শাশুড়ি ও পুত্রবধূসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






































