শতবর্ষী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন অজ্ঞাত কারণে স্থগিত করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান এবং সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মাহাবুবুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, “উর্দ্ধতন কর্তৃপক্ষের মৌখিক আদেশে আমরা বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। আর এরপরই জেলা নির্বাচন অফিস থেকে ইতোমধ্যে প্রিজাইডিং অফিসারদের সকল প্রকার ট্রেনিং স্থগিত করা হয়েছে। তবে কী কারণে এই নির্বাচন স্থগিত করা হলো তা আমি এখনো জানি না।”
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহাবুবুল কবির বলেন, “আগামীকাল (বুধবার) সকাল সাড়ে ১০টার মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আর এ কারণে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণসহ সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।”






































