আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, ইউপি সদস্য নিহত


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১১:২০ এএম
আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, ইউপি সদস্য নিহত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটির কাপ্তাই উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও দুজন আহত হয়েছে বলে জানা যায়। বিষয়টি সংবাদ প্রকাশকে নিশ্চিত করেছেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ।

নিহতের নাম মো. সুজিবুর রহমান। তিনি কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি ও স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সদস্য ছিলেন।

পুলিশ জানায়, সুজিবুর রহমান ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফের সর্মথক। উপজেলার নতুন বাজার এলাকায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী মো. মহিউদ্দন পাটোয়ারী ও লতিফের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষের তিনজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা সুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমর ফারুক সংবাদ প্রকাশকে বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনকে আনা হয়েছে। তাদের মধ্য থেকে সুজিবুর নামে একজন মারা গেছেন। বাকি দুইজনের চিকিৎসা চলছে।”

ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, “নির্বাচনী বিষয়ে প্রশাসনকে অনেক আগে বলা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ঘটনাটি আগে থেকেই পরিকল্পিত।”

কাপ্তাই পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব বলেন, “চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় সুজিবুর রহমান নামে একজন নিহত হয়েছেন। চারজনকে আটক করেছে পুলিশ।”

Link copied!