গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া বাজারে এক হিন্দু ব্যবসায়ীর কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই দোকানে আগুন লাগলেও আশপাশের প্রতিষ্ঠান অক্ষত রয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। হিন্দু ব্যবসায়ীর অভিযোগ, পরিকল্পিতভাবে কেউ তার দোকানে আগুন দিয়েছে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জানায়, আজ ভোরে কামদিয়া বাজারের রমেশ বাবুর কাপড়ের দোকানে তালাবদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন ভেতরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন তারা। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, হঠাৎ করেই রবিন বস্ত্রালয়ে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা চেষ্টা করলেও দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনে আশপাশের দোকানের কোনো ক্ষতি হয়নি।
দোকান মালিক রমেশ চন্দ্র বলেন, “দোকানে আগুনের ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পরিকল্পিতভাবে কেউ তার দোকানে আগুন দিয়েছে।”
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নিরাঞ্জন সরকার বলেন, “আগুন শর্ট সার্কিট থেকে ছড়িয়ে পড়তে পারে। তবে এ বিষয়ে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।”
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, “আমারা এলাকাবাসী, ব্যবসায়ী, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। প্রাথমিক ভাবে আমরাও ধারণা করছি বৈদুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”






































