শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল ও সাপ্তাহিক বন্ধের দিন হওয়াতে সকাল থেকেই শত শত যানবাহনের দীর্ঘ সারি পড়েছে এ নৌরুটে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া প্রান্তেই ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে ৯ শতাধিক যানবাহন। অপেক্ষমাণ যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি পার করার কারণে পণ্যবাহী ট্রাকের সংখ্যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে।
ট্রাফিক পুলিশের পাটুরিয়া কন্ট্রোল রুমের শেষ খবর অনুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়া প্রান্তে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক যাত্রীবাহী বাস, ৩ শতাধিক ছোট যানবাহন এবং উথুলি সংযোগ মোড়ে আরও শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে।
মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকে বেশি থাকার কারণে ঘাটের ছয় কিলোমিটার আগে মহাসড়কের উথুলী এলাকায় ঘাটমুখী শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় ট্রাকের চাপ কমলে এখান থেকে ট্রাকগুলোকে ঘাটে পাঠানো হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল ও সাপ্তাহিক বন্ধের দিন হওয়াতে পাটুরিয়ায় চাপ পড়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৯টি ফেরি রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাস ও ছোট গাড়ি পার করা হচ্ছে। এগুলোর সংখ্যা কমে এলে ট্রাকগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হবে বলে জানিয়েছেন তিনি।






































