জাহাজে বিস্ফোরণ, নিহত ১


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০২:৫৭ পিএম
জাহাজে বিস্ফোরণ, নিহত ১

চট্টগ্রামে তেলের জাহাজে গ্যাস দিয়ে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। নিহত যুবকের নাম জুনায়েদ (৩২)। তার বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।

বুধবার রাতে কর্ণফুলী নদীর দক্ষিণপাড় চরপাথরঘাটার ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় নজরুল ইসলাম (৩৫) নামের আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। 

জানা যায়, জাহাজের ইঞ্জিন রুমে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে সৃষ্ট আগুনে তারা দগ্ধ হয়েছেন।

সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, জাহাজে বিস্ফোরণের ঘটনাটি শুনেছি। ঘটনাটি নৌ পুলিশের অধীনে হওয়ায় বিষয়টি সদরঘাট নৌ থানা দেখছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি তেলের জাহাজে ইঞ্জিন রুমে কয়েকজন মিলে ওয়েল্ডিংয়ের কাজ করছিল। সিলিন্ডার থেকে রাবারের পাইপের মাধ্যমে নেওয়া গ্যাসে চলছিল এ কাজ। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন থেকে বাঁচতে তারা নদীতে ঝাঁপ দেন। এতে নিখোঁজ হন চরলক্ষ্যা মাইজ্যাফকির বাড়ির হাজী আব্দুল হাশেমের ছেলে নজরুল ইসলাম সাদ্দাম (৩৫)। অন্য আহত শ্রমিকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে জাহাজের নাম ও আহত পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় সদরঘাট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রাতে পুলিশ জানায়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান বলেন, “ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু জাহাজটি সম্ভবত সংশ্লিষ্ট কোম্পানি সরিয়ে ফেলেছে। তবু জেটিতে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি আহতদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
 

Link copied!