কক্সবাজারের উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলনে যাওয়ার পথে ট্রাক থেকে ২৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) বেলা ১১টার দিকে উখিয়া সদরের ফরেস্ট রোড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা।
আটক হওয়া রোহিঙ্গা যুবক মোহাম্মদ হাশিম (২২) বলেন, “টাকা দেওয়ার কথা বলে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। প্রথমে আমরা জানতাম না কেন আমাদের আনা হলো। পরে শুনেছি মিথুন নামের এক বড় ভাইয়ের মিছিলে যেতে আমাদের নেওয়া হচ্ছে।”
রোহিঙ্গা যুবকের বরাতে পাওয়া নামের কথিত সেই বড় ভাই হলেন মকবুল হোসাইন মিথুন। তিনি উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও অনুষ্ঠিতব্য সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
টাকার বিনিময়ে সম্মেলনে রোহিঙ্গা আনার কথা অস্বীকার করে মকবুল হোসাইন মিথুন বলেন, “আমি তাদের আনিনি। বিষয়টি মিথ্যা। প্রতিপক্ষের লোকেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
ওসি বলেন, “স্থানীয়দের কাছে আমরা কিছু রোহিঙ্গাকে বেরিয়ে পড়ার খবর পাই। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৭ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের কুতুপালং পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হচ্ছে।”





































