সিলেট নগরী থেকে সোনিয়া আক্তার (২১) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে নগরীর খুলিয়াটুলাস্থ শুভেচ্ছা ২৪৯ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোনিয়া আক্তারের বাবার নাম সেলিম মিয়া। সোনিয়ার পরিবার ওই বাড়ির চতুর্থ তলার একটি বাসায় ভাড়া থাকে।
ঘটনাস্থল পরিদর্শনকালে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, “আমরা দুপুরে নিহতের আত্মীয়-স্বজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি একটি লোমহর্ষক হত্যাকাণ্ড। মেয়েটির গলায় ধারালো কিছুর গভীর ক্ষত রয়েছে। মরদেহের পাশ থেকে কাপড় কাটার একটি কাঁচি উদ্ধার করেছি আমরা। সেটি রক্তমাখা অবস্থায় পাওয়া গেছে।”
আজবাহার আলী শেখ আরও বলেন, “আমরা পুলিশ, সিআইডি, পিবিআই মিলে এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছি। এখন পর্যন্ত কাউকে আটক করিনি। তবে জিজ্ঞাসাবাদ চলছে।”







































