আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদর উপজেলার ধলহরা গ্রামে আওয়ামী লীগ সমর্থিত দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ সংঘর্ষে ১৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ধলহরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতর আলী শেখ অভিযোগ করেন, একই ওয়ার্ডের নজরুল মোল্লা কিছুদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে এলাকায় সামাজিক বিভক্তি সৃষ্টি করে তার সমর্থিত লোকদের ওপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছেন। যার ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর বুধবার রাতে ধলহরা বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে তার চার সমর্থককে মারপিট করে নজরুল ইসলামের সমর্থকেরা। এ ঘটনায় এ ঘটনার প্রতিবাদ করায় পরদিন ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নজরুল মোল্লা নিজে তার সমর্থকদের নিয়ে আতর আলীর সমর্থিতদের ওপর হামলা চালিয়ে ১০ জনকে আহত করে। এ সময় তারা ১৫টি বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর, লুটপাট চালায়।
সংঘর্ষে আহতদের মধ্যে কবির শেখ, স্মরণ মোল্লা, ছদর মোল্লা, রুখসানা বেগম, ফজরা বেগম, কানিজা পারভীন, মহসিন শেখকে গুরুতর আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে নজরুল মোল্লা জানান, তার কোনো কর্মী, সমর্থক প্রতিপক্ষ আতর আলী শেখের সমর্থকদের ওপর হামালা বা বাড়িঘর ভাংচুর লুটপাট করেনি। সামাজিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষরা তার ওপর দায় চাপাচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, “সামাজিক বিরোধ নিয়ে ধলহরা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও কয়েকটি বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে জড়িদের আটকে অভিযান চলছে।”
































