দেশে কোনো সংকট নেই, দেশের মানুষও কোনো সংকটে নেই, বিএনপি সংকটে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, “যে দলের শীর্ষ দুই নেতা দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ও কারাগারে থাকে, সেই দল তো সংকটে থাকবেই।”
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়ায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
হানিফ বলেন, “বিএনপি এখন সান্ত্বনা খুঁজতে দেশ সংকটে আছে বলে প্রচার করছে। ১০ বছর ধরে বিএনপির আন্দোলন দেখছি। বিএনপির আন্দোলন নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। বিএনপির আন্দোলন নিয়ে জনগণও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না।”
বিএনপি এ দেশের বিচারব্যবস্থাকে কলুষিত করেছিল উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি ক্ষমতায় থাকতে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ এবং বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল তারা। কিন্তু আওয়ামী লীগ ভবিষ্যতেও বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করবে না।”
এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।



























