গাজীপুর মহানগরীর দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৮ ডিসেম্বর) ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন। এর আগে সকাল সাড়ে ৭টায় আগুন লাগে।
মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন গাজীপুর মহানগরীর দেউলিয়াবাড়ি এলাকার রাসেল সরকারের মালিকানাধীন ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও নির্বাপণের কাজ চলছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।



































