গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং করোনা উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। বাকি দুজন করোনা নেগেটিভ হওয়ার পর নানা জটিলতায় মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নাটোরের ২ জন এবং বাকি একজন ছিলেন নওগাঁর বাসিন্দা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। বর্তমানে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন। আগস্ট মাসে এই হাসপাতালের করোনা ইউনিটে ৩৫৪ জনের মৃত্যু হয়।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১৮ জনে।





































