অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৬:৩৯ পিএম
অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁর মান্দা থেকে অপহরণের ১৯ দিন পর এক মাদ্রাসাছাত্রীকে (১৪) রাজশাহী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমিন গাইন লেবু (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আমিন গাইন মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের মফিজ গাইনের ছেলে। রোববার তাকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ৩০ নভেম্বর স্থানীয় একটি মাদ্রাসার সামনে থেকে আমিন গাইনসহ তার সহযোগীরা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আমিন গাইনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতে অভিযান চালিয়ে গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ মামলার প্রধান আসামি আমিন গাইনকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা নওগাঁ জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে তাকে আদালতে হাজির করা হবে।

Link copied!