ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০২:২৩ পিএম
ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবারক (৩৫) নামের এক ব্যবসায়ীকে গুলি ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় পার হয়ে ভুতগাছা এলাকায় পেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মোবারক বিকাশের মাধ্যমে গ্রাহকের টাকা লেনদেন করেন। রাতে তিনি একটি ব্যাগে করে টাকা নিয়ে শ্রীকোলা মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে পেট্রোল পাম্পের কাছে এলে দুইটি মোটরসাইকেল তার পথ রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

মো. নজরুল ইসলাম আরও জানান, এ সময় মোবারক ব্যাগটি টেনে ধরে রাখালে ছিনতাইকারীরা ছুরি বের করে ফিতা কেটে ব্যাগটি নিয়ে যায়। এ অবস্থায় মোবারক একজন ছিনতাইকারীকে আটকে রাখার চেষ্টা করলে তিনি দুই রাউন্ড গুলি করে পালিয়ে যান। এ ঘটনায় মোবারকের বাম পায়ে ইনজুরি হয়েছে। তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ক্ষতস্থানে গুলি আছে কিনা সেটি জানা যায়নি।

ওসি বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে একটি মোটরসাইকেল ও একটি ছুরি পাওয়া গেছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
 

Link copied!