লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।
জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি রাখাল লোহাকুচি সীমান্তের ৯২১/২২ নম্বর পিলার এলাকায় গরু পারাপার করতে যান। এ সময় বিএসএফের ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে আনোয়ার ও ওয়াসকুরুনী মারা যান।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, “বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাটি কালীগঞ্জ উপজেলা সীমান্তে হয়েছে কি না আমার জানা নেই।”




































