সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনা উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ২২৮ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার করা হয়।
একই সঙ্গে অবৈধ পন্থায় সোনা বহন করার অভিযোগে সারোয়ার হোসেন (২৭) নামে ওই যুবককে আটক করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন খাটিংগা মুকন্দপুর গ্রামে।
সন্ধ্যায় এনএসআই সিলেটের সহকারী পরিচালক হোসেন আলী জানান, আবুধাবি থেকে ১৭৪ জন যাত্রী নিয়ে বিমানটি সকাল সোয়া ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সারোয়ার হোসেন নামে ওই যাত্রীর গতিবিধি দেখে তাদের সন্দেহ হয়। কিন্তু বিমানবন্দর কাস্টমসের স্ক্যানে তার সঙ্গে থাকা সোনা ধরা পড়েনি।
এনএসআই কর্মকর্তা আরও জানান, এরপর ওই যাত্রী কনকোর্স হলে আসার পর তাকে চ্যালেঞ্জ করে শরীর তল্লাশি করলে তার পকেটে অবৈধভাবে আনা দুটি সোনা বার পাওয়া যায়। পরে ফের তার শরীর স্ক্যান করলে আন্ডারওয়্যার, প্যান্ট ও গেঞ্জির সঙ্গে সেঁটে দেওয়া পাতলা পাতের আকারে সোনা ধরা পড়ে। সোনার ওজন আনুমানিক ১ কেজি।
হোসেন আলী জানান, প্রায় তিন মাস আগে ওই যাত্রী আবুধাবি গিয়েছিলেন। বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় সোপর্দ করা হবে।




































