সিলেটে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫৭ জন।
মঙ্গলবার (১৭ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য জানিয়েছেন।
এই সময়ে মৃত্যুবরণ করা সকলেই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে ১১ জন জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে মারা গেছেন আর ৬ জন মারা গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
নতুন শনাক্তদের মধ্যে আছেন সিলেটের ২১৬, সুনামগঞ্জের ২৪, হবিগঞ্জের ৩৭ ও মৌলভীবাজারের ৩২ জন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এনিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬২৮। এর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় ২৬ হাজার ৭৬৩ জন। এছাড়া আছেন সুনামগঞ্জের ৫ হাজার ৬৭৫ জন, হবিগঞ্জের ৫ হাজার ৯৩৬ জন ও মৌলভীবাজারের ৭ হাজার ৮৬ জন। আর সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্য মতে, সিলেট বিভাগে করোনায় মোট প্রাণহানি হয়েছে ৯১৯ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬৭০, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৪৪, মৌলভীবাজারে ৬৯ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৭৫ জনের প্রাণহানি হয়েছে করোনায়।
অপরদিকে, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৭৫৮ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫ জন।




































