গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর শহরের চাষকপাড়া মহল্লার ভাড়া বাসা হতে বরেন্দ্র সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিক বিশ্বজিৎ সরকারের (বিশ্ব) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বিশ্বজিৎ সরকার গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজের সার্থক ভিলা নামে বহুতল ভবনের নিচতলায় ব্যাচেলর হিসেবে দীর্ঘদিন ধরে ভাড়া ছিলেন। তিনি রাজশাহী জেলার তানোর উপজেলার আড়াদিঘী এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের সহকারী ম্যাকানিক হিসেবে গোবিন্দগঞ্জ জোনে কর্মরত ছিলেন।
বাসার মালিক মোস্তাফিজ বলেন, “গতকাল বিকাল থেকেই দরজা লাগানো দেখেছি। এরপর আজ সকালেও দরজা বন্ধ দেখে ডাকাডাকির পর বারান্দা দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই। এরপর পুলিশকে খবর দেই। পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে।”
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ দেওয়ান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় বিশ্বজিৎ সরকারের লাশ উদ্ধার করি। ময়নাতদন্ত সাপেক্ষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে পারিবারিক কোনো ঝামেলা থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।






































