রাজবাড়ীতে রেল লাইনে কানে হেডফোন দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় সাগর কুমার বিশ্বাস (২৩) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
রোববার (১২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর ওই এলাকার যতীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, রাত সাড়ে নয়টার দিকে ভররামদিয়া এলাকার রেল লাইন দিয়ে কানে হেড ফোন গুজে হাঁটছিলেন সাগর। পেছন থেকে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। কানে হেডফোন থাকায় ট্রেনের আওয়াজ শুনতে না পারায় ট্রেনের সঙ্গে ধাক্কা খান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
































