আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির রাজনীতিতে অভদ্র কর্মকাণ্ড অনেক রয়েছে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে এসে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের মুখে অরুচিকর কথা কোনোভাবে আসার কথা না। মির্জা ফখরুলের বক্তব্য অনুযায়ী যেহেতু ডা. মুরাদ হাসান ছাত্রদল করতো, তাই মুরাদের শিক্ষাটাও ওখান থেকে এসেছে।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ফেনী শহরের কলেজ রোডস্থ পিটিআই স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।
হানিফ বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি অস্থিতিশীল রাজনীতি করছেন। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা কারা বিধান অনুযায়ী, তার অনেক বেশী সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা বলে দ্ণ্ড স্থগিত করে খালেদা দেশের স্বাধীন ভাবে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে পুঁজে করে বিএনপি অস্থিতিশীল রাজনীতি চালাচ্ছে। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে কখনো বিদেশে পাঠানোর সুযোগ নেই। তাই বিএনপি নেতৃবৃন্দকে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে না দাঁড়িয়ে রাষ্ট্রপতির কাছে মাফ চাইতে বলেন এবং রাষ্ট্রপতি ক্ষমা করলেই খালেদা জিয়া স্বাধীনভাবে যেকোনো জায়গায় চিকিৎসা নিতে পারবেন।”
প্রতিনিধি সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহম্মদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও উপপ্রচার-প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।






































