পাবনার ভাঙ্গুড়ায় আইরুন নেছা (৬২) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগে উঠেছে তার আপন মেয়েজামাই রবিউল ইসলাম রবির (৩৪) বিরুদ্ধে। এ ঘটনায় রেবেকা নামের একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে মারধরের ঘটনা ঘটলেও রাত তিনটার দিকে মারা যান। বুধবার (১৭ নভেম্বর) সকালে লাশ উদ্ধার করে। দুপুরে নিহতের ছেলে বাদী হয়ে অভিযুক্তদের নামে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত বৃদ্ধা উপজেলার খানমরিচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত আইয়ুবের স্ত্রী।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






































