পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ২০১৪ সালে হাটগ্রাম, দিলপাশার ও বেতুয়ান-কাজীটোলা গ্রামে তিনটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হলেও আট বছরেও যাতায়াতের রাস্তা নির্মাণ করা হয়নি।
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্থাপন করা হয় ১৫টি কমিউনিটি ক্লিনিক। এগুলোর মধ্যে ৩টি ক্লিনিকে যাতায়াতের জন্য নেই কোনো সংযোগ সড়ক। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সড়ক নির্মাণে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। ফলে সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন ভুক্তভোগী এলাকাবাসী।
জানা যায়, ২০১৪ সালে এই উপজেলার হাটগ্রাম, দিলপাশা ও বেতুয়ান-কাজীটোল গ্রামে তিনটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়। সে সময় রাস্তার ধারে জায়গা না পেয়ে মাঠের মধ্যে আবাদি জমিতে ক্লিনিক নির্মাণ করা হয়। কিন্তু আবাদি জমি নষ্ট করে কেউই সংযোগ সড়কের জন্য জায়গা দিতে রাজি হয় না। ফলে দীর্ঘ ৮ বছরে কমিউনিটি ক্লিনিক তিনটির সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি।
এসব কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনা মূল্যে ওষুধ পাওয়া যায়। তবে সংযোগ সড়কের অভাবে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে সেবা নিতে আসে রোগীদের। জমির আল দিয়ে কমিউনিটি ক্লিনিকে যাতায়াত করতে হয়। ফলে মাঝেমধ্যেই রোগীদের সঙ্গে জমির মালিকদের বাগবিতণ্ড হয়। এছাড়া বৃষ্টিতে রাস্তা দিয়ে যাতায়াতে ভোগান্তি বেড়ে যায়। আর বর্ষাকালে চারিদিকে পানিতে তলিয়ে থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মক ব্যাহত হয়।
বেতুয়ান গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান জিয়া বলেন, সংযোগ সড়ক না থাকায় জমির আল দিয়ে মানুষকে ক্লিনিকে যাতায়াত করতে হয়। এতে জমির মালিকদের সঙ্গে রোগীদের বাগ্বিতণ্ড হয়। কাজিটোল গ্রামের হাসান মাহমুদ জানান, ক্লিনিকে যাতায়াতের রাস্তা না থাকায় সমস্যা হচ্ছে। জমির মধ্যে দিয়ে ক্লিনিকে আসা-যাওয়া রোগীদের জন্য খুব কষ্টকর। হাটগ্রামের আসাদুজ্জামান জানান, ক্লিনিকে যাতায়াতের জন্য সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। একটি সংযোগ সড়ক নির্মাণ করা দরকার।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, কমিউনিটি ক্লিনিক তিনটির সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি ঊউর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, “এ বিষয়ে স্থানীয় সাংসদ অবহিত আছেন। ইতিমধ্যে উপজেলার হাটউধুনিয়া কমিউনিটি ক্লিনিকের সংযোগ সড়কের জন্য একটি পুল নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি তিনটি ক্লিনিকের সংযোগ সড়ক নির্মাণ ধাপে ধাপে সম্পন্ন করা হবে।”




























