বদরগঞ্জের ওসিকে আদালতে তলব


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৭:৩৭ পিএম
বদরগঞ্জের ওসিকে আদালতে তলব

আদালতের আদেশ অবজ্ঞা করায় রংপুরের বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানকে সশরীরে আদালতে হাজির হবার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) আদালতের বেঞ্চ সহকারী ফারুখ সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৫ নভেম্বর) রংপুরের বদরগঞ্জ থানা পারিবারিক আদালতের বিচারক মতিউর রহমান এই আদেশ দেন।

সেই সঙ্গে থানায় থাকা গ্রেপ্তারি পরোয়ানা জারিকারী রেজিস্টারকেই তলব করা হয়েছে। আদালতের আদেশ পালন না করায় কেন ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তারও ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবপুর অরুন নেছা গ্রামের মোজাফফর শাহের মেয়ে মোছা. হাসনা বানুর সঙ্গে কাঁচাবাড়ি এলাকার তাজনার সরকারের বিয়ে হয়।  ভরণপোষণ না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ২০১২ সালের ২৬ ফেরুয়ারি মামলা দায়ের করেন হাসনা বানু। (যার মামলা নম্বর ১১/১২ইং।) ভরণপোষণ নিয়ে একই ধরনের ঘটনা ঘটে উপজেলার গোপালপুর গ্রামের মোজাম উদ্দিনের মেয়ে মনশেফা বেগমের সঙ্গে। ২০১২ সালের মার্চ তার স্বামী ওয়াজেদ আলীর বিরুদ্ধে মামলা করেন মনশেফা। যার নম্বর ১৩/১২ইং।

আদালত সূত্রে আরও জানা যায়, দুই মামলার ওই আসামিরা দীর্ঘ ১০ বছরেও আদালতে হাজির হয়নি। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিলেও বদরগঞ্জ থানা পুলিশ সেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও আসামিদের গ্রেপ্তার করেনি।

বিচারক মামলার নথি পর্যালোচনায় দেখেন একাধিক পারিবারিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর অনেক সময় অতিবাহিত হয়েছে কিন্তু উপরোক্ত দুই মামলায় বদরগঞ্জ থানা আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেনি এবং কেন তামিল করা সম্ভব হয়নি সে বিষয়ে কোনো প্রতিবেদনও আদালতে পাঠানো হয়নি।

এর প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর জারিকৃত মোকদ্দমাগুলো আদেশের জন্য নেওয়া হয় এবং থানায় তাগিদ পত্র ইস্যু করে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

কিন্তু থানা কর্তৃপক্ষের উদাসিনতার কারণে আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করে বদরগঞ্জ থানার ওসির পাঠানো প্রতিবেদন প্রত্যাখ্যান করে তাকে আগামী ২২ নভেম্বর থানায় রক্ষিত গ্রেপ্তারি পরোয়ানার রেজিস্ট্রারসহ আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের আদেশ দিয়েছেন।

বদরগঞ্জ পারিবারিক আদালতের বেঞ্চ সহকারী ফারুখ সরকার জানান, আলোচিত দুই মামলা ছাড়াও আরও ১৪টি পারিবারিক আদালতের মামলায় আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা বদরগঞ্জ থানা তামিল না করে আসামিদের গ্রেপ্তার করছে না।

রংপুর আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আরিফ ইসলাম জানান, আদালতের আদেশ প্রতিপালন করা পুলিশের প্রধান দায়িত্ব। দীর্ঘ ১০ বছরেও গ্রেপ্তারি পরোয়ানা তামিল না হওয়া দুঃখজনক।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো কথা বলেননি।

Link copied!