টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাইরে ইতালি। চারবারের বিশ্বজয়ীদের জন্য এটা ভীষন হতাশার। এত হতাশার মধ্যেও তাদের একটুখানি সান্ত্বনার জায়গা হলো কার্লো আনচেলত্তির বিশ্বকাপ উপস্থিতি।
এই ইতালিয়ান কোচ ব্রাজিলকে নিয়ে নেমেছেন বিশ্বকাপ অভিযানে। সেটাকেই প্রাধান্য দিয়ে ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক করেই দেল্লো স্পোর্ট শিরেনাম করেছে ‘কার্লো, আপনি আমাদের সবার প্রতিনিধিত্ব করছেন।’ ফুটবল গৌরবকে বিদায় দিয়ে শেষমেষ এক ইতালিয়ানকে খুঁজে নিয়েই তারা মেতেছে বিশ্বকাপে! ইতালি খেলছে না বলেই হয়তো তাদের এই আকুতি এবং ব্রাজিলের প্রতি অকুন্ঠ সমর্থন। এই কোচকে ইতালির গর্ব উল্লেখ করে করে তারা ভরসা রাখছে ভিনি-রাফিনিয়া-কুনিয়ায় গড়া সেলেসাও অ্যাটাকিং লাইনকে।
ক্লাব ফুটবলে দারুন সফল এই কোচ। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী ইতালির এই কোচ ব্রাজিলকে নিয়ে হেক্সা মিশনে প্রথম ম্যাচে মুখোমুখি হবেন মরক্কোর। তার এই যাত্রাকে শুভ কামনা জানিয়েছে ইতালির দৈনিকটি।


























