বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। প্রতিপক্ষ যেহেতু ব্রাজিল মনের ভেতর ভয় থাকাটা স্বাভাবিক। তবে মাঠে নামার আগে মরক্কোর খেলোয়াড়দের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন কোচ মোহামেদ ওয়াহবি। শনিবার নিউ জার্সিতে গ্রুপ পর্বের এই বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে আতলাস লায়ন্সদের অনুপ্রেরণার উৎস কাতারে সেমিফাইনালে পৌঁছানোর স্মৃতি।
গত মার্চে ওয়ালিদ রেগ্রাগির স্থলাভিষিক্ত হওয়া ওয়াহবি বলেছেন, ‘এই ম্যাচ আমাদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ করে দেবে। তবে আমি মনে করি, প্রতিযোগিতা শুরুর জন্য আমরা ভালো অবস্থানেই আছি। নিজেদের ওপর আস্থা রাখতে হবে, নিজেদের অর্জনের ওপর বিশ্বাস রাখতে হবে। ব্রাজিলকে ভয় নয়, সম্মান করতে হবে। অনেকে বলছেন এটা আগের সেই ব্রাজিল নয়, কিন্তু এটা ব্রাজিলই।’
২০২২ বিশ্বকাপে মরক্কো আফ্রিকান ও আরব বিশ্বের ইতিহাসে সেরা সাফল্য অর্জন করে। স্পেন ও পর্তুগালকে বিদায় করে সেমিফাইনালে পৌঁছায় দলটি। এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে মাত্র একবারই উঠেছিল মরক্কো। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। বিশ্ব র্যাংকিংয়ে সপ্তম স্থানে থাকা মরক্কো গ্রুপ সি-তে অষ্টম স্থানের ব্রাজিলের চেয়ে মাত্র এক ধাপ পিছিয়ে।
ওয়াহবি বলেছেন, ‘আমরা ভয় পাই না। আমরা এখন অন্য মাত্রায় পৌঁছে গেছি, আমাদের সম্মান অনেক বেড়েছে। এই অবস্থান ধরে রাখাটাই এখন লক্ষ্য— প্রকৃত দাবিদার হয়ে ওঠার দায় আমাদেরই।’
পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি সর্বশেষ বিশ্বকাপে মরক্কোর সেই ঐতিহাসিক যাত্রার অন্যতম মূল সদস্য ছিলেন। আফ্রিকার বর্তমান সেরা খেলোয়াড় সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তির প্রত্যাশা রাখলেও তার মূল মনোযোগ এখন টুর্নামেন্ট শক্তিশালীভাবে শুরু করা।
হাকিমি বলেছেন, ‘ব্রাজিলের মান এবং তাদের খেলোয়াড়দের সম্পর্কে আমরা জানি। আমরা সেরাটা দিয়ে শুরু করার কথা ভাবছি, যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার কথা ভাবছি এবং গত বিশ্বকাপের চেয়ে ভালো করার কথা ভাবছি। তবে এই মুহূর্তে আমাদের ভাবনা শুধু ব্রাজিলের ম্যাচ নিয়ে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এ ধরনের ম্যাচে কোনো ফেভারিট থাকে না, সমানে সমান লড়াই হয়।’


























