বিশ্বকাপের গ্রুপ পর্বে জমে উঠেছে শেষ ষোল নয়, এবার নতুন সংযোজন রাউন্ড অব ৩২-এর লড়াই। ৪৮ দলের এই আসরে ১২টি গ্রুপের মধ্যে ছয়টির খেলা শেষ হয়েছে।
এরই মধ্যে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ১৯টি দল। অন্যদিকে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছে ৮ দলের।
২৬ জুন সকাল পর্যন্ত হিসাব অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার পাশাপাশি সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবেও কয়েকটি দল রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। এখনো বাকি রয়েছে ১৩টি জায়গা, যার জন্য লড়াই করছে আরো ২১টি দল।
যারা নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২
গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন
গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা
গ্রুপ ‘কে’: কলম্বিয়া
যারা বিদায় নিয়েছে
এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া আটটি দল হলো— তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল রাউন্ড অব ৩২-এ খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নকআউট পর্বের ম্যাচগুলো।
রাউন্ড অব ৩২-এর প্রতিটি ম্যাচই হবে ‘সিঙ্গেল এলিমিনেশন’ পদ্ধতিতে।
নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে হবে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। এরপরও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারিত হবে জয়ী দল।


































