আন্তর্জাতিক ফুটবলকে বিদায় সাদিও মানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৮:৪৮ পিএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় সাদিও মানের

ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন সাদিও মানে। বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলের পাট চুকাবেন তিনি।

সেই কথা রাখলেন সেনেগালের কিংবদন্তি।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে সেনেগালের বিদায় নিশ্চিত হতেই অবসরের ঘোষণা দিলেন মানে। তাতে একটা যুগেরই যেন সমাপ্তি ঘটল। ১৪ বছরের বর্ণাঢ্য এক ক্যারিয়ারের পথচলা থামিয়ে দিলেন তিনি।

বিদায়ি বার্তায় সেনেগালের মানুষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মানে বলেছেন, ‘এই পতাকার জন্য আমি সব কিছু উৎসর্গ করেছি। নিজের সবটুকু নিংড়ে দিয়েছি এবং মাতৃভূমির জন্য সব সময় প্রাণপণ লড়েছি। আপনাদের অবিচল সমর্থনই ছিল আমার সফলতার মূল চালিকাশক্তি।’

খেলোয়াড় হিসেবে সম্পর্কের ছেদ ঘটলেও আগামীতে দেশের ফুটবলে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান মানে।

তিনি বলেছেন, ‘আগামীতে নিজের অভিজ্ঞতাকে দেশের সেবায় কাজে লাগাতে পারলে অত্যন্ত আনন্দিত হবো—কোচিং স্টাফের অংশ, কোচ হিসেবে ডাগআউটে বসেই হোক, কিংবা প্রশাসনিক কোনো ভূমিকায়।’
২০১২ সালে সেনেগালের হয়ে অভিষেক হয় মানের। এ সময় দেশের হয়ে ১৩০ ম্যাচ খেলে সর্বোচ্চ ৫৪ গোল করেছেন তিনি। সেনেগালের হয়ে জিতেছেন ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্স। সর্বশেষ টুর্নামেন্টেও মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।


কিন্তু ফাইনালে রেফারির পেনাল্টি দেওয়ার প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যাওয়ায় তাদের শিরোপা কেড়ে নিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল। পরে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
আন্তজার্তিক ছাড়লেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন মানে। বর্তমানে আল-নাসরের হয়ে সৌদি প্রো-লিগ মাতাচ্ছেন ৩৪ বছর বয়সী স্ট্রাইকার। এ ছাড়া লিভারপুল ও বায়ার্ন মিউনিখের মতো দলের হয়েও খেলেছেন তিনি।

Link copied!