টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে টানা দুই ম্যাচ হেরে সেমি ফাইনালের পথ বেশ কঠিন করে ফেলেছে ভারত। সুপার টুয়েলভের বাকি ম্যাচগুলোয় বড় জয় ছাড়া উপায় নেই তাদের। এক ম্যাচ পা পিছলে গেলেই টুর্নামেন্ট থেকে নিশ্চিত বাদ। জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। এমন শঙ্কা নিয়ে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। টস জিতে প্রতিপক্ষ দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বিরাট কোহলি।
ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে স্কটিশদের ব্যাটিং ভরাডুবি হয়েছে। দলের মাত্র ১৩ রানে ওপেনার কাইল কোয়েটজারকে হারায় তারা। দলের ২৭ রানে জর্জ মানজি আউট হন। তার ১ রান পর ফিরে যান রিচি বেরিংটন (০)। দলীয় ২৯ রানে উইকেটরক্ষক ম্যাথু ক্রস উইকেট বিদায় নেন। দলের ৫৮ রানে মাইকেল লিয়াস্ক ব্যক্তিগত ২১ রানে জাদেজার বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন। ক্রিস গ্রেভস (১) ফিরে যান দলের ৬৩ রানে। স্কোরবোর্ডে যখন ৮১ রান, তখন আউট হন কলাম ম্যাকলাউড (১৬)। এরপর পরপর দুই বলে সাফইয়ান শরিফ (০) ও অ্যালাসডের ইভান্স (০) সাজঘরে ফেরেন। এর মধ্যে শরিফ রান আউটের শিকার হন। দলীয় ৮৫ রানে মার্ক ওয়াটের (১৪) বিদায়ের মধ্য দিয়ে মাধ্যমে স্কটল্যান্ডের দশম উইকেটের পতন ঘটে। স্কটল্যান্ডের ইনিংসের ইতি ঘটে ১৭.৪ ওভারে।
ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি ৩টি করে উইকেট নেন। এছাড়া জসপ্রিত বুমরাহ ২টি উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন নেন ১ উইকেট।




























