টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বাংলাদেশের জন্য বেশ তিক্ত অভিজ্ঞতা। সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হেরে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বাকি ম্যাচগুলো এখন কেবল নিয়ম রক্ষার। এরমধ্যেই নতুন দুঃসংবাদ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ইনজুরি। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি। সাকিব কালই উড়ে যাচ্ছেন তার পরিবারের কাছে, যুক্তরাষ্ট্রে।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বল, ব্যাট করতে দেখা যায়। ওই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি।
যদিও ধারণা করা হয়েছিল তেমন গুরুতর নয় চোট। তবে ব্যথা বেড়ে গেলে দল থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়। আশঙ্কাকে সত্যি প্রমাণ করে চোটে বাকি ম্যাচে খেলতে পারছেন না তিনি। সাকিব আগামীকাল (২ নভেম্বর) হোটেল ছেড়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন।
সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন দলের নির্বাচকমণ্ডলীর সদস্য ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
সংবাদ মাধ্যমকে বাশার বলেন, 'সাকিব এখনও টিমের সঙ্গে আছে। তবে আগামীকাল সে যুক্তরাষ্ট্রে ফিরে যাবে।'

































