নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বের ম্যাচে গত ৩১ অক্টোবর মাঠে নেমেছিল ভারত। এই ম্যাচে ব্যাটে-বলে পুরোপুরি ব্যর্থ ছিল বিরাট কোহলিরা। ৮ উইকেটের শোচনীয় পরাজয় হওয়ার আগেই টুইটারে ভারতকে খোঁচা দিতে ভুল করেননি সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন। খেলা শেষেও তিনি জানালেন এই মুহূর্তে সেরা দল নিউজিল্যান্ড।
কিউইদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে ভারত। মাত্র কয়েক ওভার শেষ হতেই সাবেক তারকা ভন ভারতকে খোঁচা দিয়ে পোস্ট দেন টুইটারে। দলের বিপর্যস্ত অবস্থা দেখে তিনি কটাক্ষ করে লেখেন ভারত ২০১০ সালের খেলা খেলছে। তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে আছে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে যদিও নিউজিল্যান্ড হেরে যায়। তবে ভারতের মতো পরাশক্তিকে বেশ দাপটের সঙ্গে হারিয়ে নিজেদের পাকাপোক্ত অবস্থান জানান দিয়েছে কিউইরা। তাইতো নির্দ্বিধায় এই দলটিকে সেরা মানতে আপত্তি করেননি ভন।
এক টুইট বার্তায় ভন জানান, 'এই মুহূর্তে নিউজিল্যান্ড দল সব সংস্করণে সেরা দল। এটা কেউ হয়তো স্বীকার করবে না, এমনকি নিউজিল্যান্ড দলও না। কারণ তারা বেশ বিনয়ী।'





































